নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।
তবে এই অভিযোগ আমলে না নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর বলছেন, ভোটারদের বিভ্রান্ত করতে তৃণমূল বিএনপি প্রার্থী ‘অপপ্রচার’ চালাচ্ছেন।
মঙ্গলবার রূপগঞ্জের বরপা এলাকায় সোনালি আঁশ প্রতীকে ভোট চেয়ে প্রচারে নামেন তৈমূর আলম। এসময় তিনি অভিযোগ করেন সরকার দলীয় প্রার্থী হুমকি দিচ্ছে। তিনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সরকার ও প্রধানমন্ত্রীকে আহ্বান করেন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সাধারন মানুষেরর মধ্যে যে ভয় কাজ করছে সেটা দূর করতে হবে। যারা কেন্দ্র দখল করে তাদের আইনের আওতায় আনতে হবে। সকল প্রকার বৈধ অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এবার ১৪২ টি আসনে তৃনমূল বিএনপি নির্বাচন করছে। শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দেয়ায় জন্য প্রতিপক্ষ সকল প্রার্থীকে তিনি আহ্বান করেন।
দুপুরে রূপগঞ্জের রূপসী এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নৌকার প্রচারে নামে বর্তমান সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলম দস্তগীর গাজী। সাংবাদিকরা এসময় তৈমূরের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করেন।
প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগ আমলে না নিয়ে তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে মিথ্যা অভিযোগ করছেন তৃনমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম। এবার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ কেন্দ্রের ভিতরে ও বাইরে কোন প্রকার বিশৃংখলা সৃষ্টি করতে পারবে না।
এসময় এলাকার মানুষের হাতে নৌকা প্রতীকের লিফলেট দিয়ে ভোট চান তিনি। বরাবরের মতো উন্নয়নের ধারা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন তিনি।