নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ললাটি এলাকায় কয়েকটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি জুয়েলারি দোকান, একটি মুদি দোকানসহ চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
বুধবার ভোরে দোকানগুলোতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছেন দোকান মালিকরা ও এলাকাবাসী ।
দোকান মালিকরা জানান, প্রতিদিনের মতো তারা দোকান বন্ধ করে বাসায় যান। ভোরে লোক মারফত খবর পান,তাদের দোকান আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। কে বা কারা এই ন্যাক্কারজনক কাজ করেছে, তা তারা জানেন না। পরবর্তীতে সোনারগাঁ থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দোকান মালিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।