শিবচরে আরও তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মাদারীপুরের শিবচর উপজেলায় আবারও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিবন্ধিত তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

সোমবার বিকেলে শিবচরে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার পাচ্চর এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শাহ নেসার (রহঃ) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শিবচর সদরের কলেজ রোড এলাকার শিবচর হেলথ কেয়ার লিমিটেড।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার মো. রিয়াজুর রহমান। এ সময় শিবচর উপজেলা সেনিটারি ইন্সপেক্টর ফজলুল হক উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ২৫ জানুয়ারি উপজেলার দত্তপাড়ার সূর্যনগর বাজারের সূর্যনগর আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার, সূর্য নগর খিদমা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।