শরীয়তপুরের নড়িয়ায় এক ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকালে নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শেখ সুমাইয়া সুমু (২০) নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আবু বকর শেখের মেয়ে।
পারিবারিক সূত্রে পুলিশ জানায়, সুমাইয়া তার জন্মদিন বন্ধুদের সাথে উদযাপন শেষে রাতে বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। পরে গভীর রাতে তার মোবাইলের রিংটোনের শব্দে সবার ঘুম ভাঙে। এসময় তাকে ডাকা হলেও তিনি সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙে তার রুমে ঢোকে। তখন ফ্যানের সাথে সুমাইয়ার দেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর শেখ জানান, সুমাইয়া সম্পর্কে তার ভাতিজি হয়। রাতে তারা সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান। এসময় সবাই মিলে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।