মাদারীপুরে ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে আল মকিম ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটির মালিক মজিবুর খানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুর রহমান জানান, ইটভাটার লাইসেন্সের নবায়ন না করা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি তিন বছর যাবত লাইসেন্স নবায়ন করে নাই। এমনকি নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, অধিদপ্তরের পরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।