মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নং সেতুতে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাদ্রাসাছাত্র মাহমুদুল ইসলাম (১০) বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। মাহমুদ ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থীর সাথে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, এর আগেও রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকাটি বেশ জনবহুল। রেললাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেললাইন পার হয়েই যায়। এতে করে দুর্ঘটনা ঘটছে।
ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপ-পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।