সোনারগাঁয়ে শ্বশুরকে কুপিয়ে জখম পুত্রবধূর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জের ধরে এক বৃদ্ধ ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে তারই পুত্রবধূ। বুধবার রাতে সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে পুত্রবধূ চামেলি আক্তার (৩৫) পলাতক রয়েছে। আর আহত শ্বশুর আব্দুল মান্নানকে (৬৬) উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, তার স্বামী প্রবাস থেকে মুঠোফোনে চামেলিকে তার শ্বশুরকে তার স্বামীর কাছে জমি বিক্রয়ের বিষয়ে কথা বলতে বলেন। এসময় তার স্বামীর কাছে বাড়ি বিক্রয় করবে না বলায় শ্বশুরের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পুত্রবধূ চামেলি। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চাপাতি দিয়ে শ্বশুরকে কুপিয়ে আহত করেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত মান্নান এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।