অটোর ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদরের মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম হুমাইরা আক্তার (১)।

হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমল দাস জানান, সকালে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটো দুটি নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগম নামে এক নারীকে ধাক্কা দেয়। এতে তার কোলে থাকা শিশু হুমাইরা ছিটকে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় শিশুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, চালক পালিয়ে গেলেও অটো দুটি আটক করা হয়েছে।