নিখোঁজের পর শিশুর মরদেহ মিললো ধানক্ষেতে

নরসিংদীতে নিখোঁজের পর ধানক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে মনোহরদী পৌরসভাস্থ হাররদীয়া এলাকার ধানক্ষেত থেকে দেহটি উদ্ধার করা হয়।

নিহত আয়েশা (দেড় বছর) মনোহরদী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আয়েশাকে খুঁজে না পেয়ে পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পরে শুক্রবার সকালে পাশের ধানক্ষেতে জমে থাকা পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দেহটি হস্তান্তর করা হয়েছে।