বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজার ছয়টি বুথে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।
এসময় বুথের ইটিসি কার্যক্রমের যন্ত্রপাতি ও তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে, নিরাপত্তা না থাকায় টোল আদায়কারীরাও টোল আদায় করতে পারছিলেন না।
এছাড়া গত কয়েকদিন ধরে রাত হলেই বিভিন্ন সময়ে ঘটছে হামলার ঘটনা। আর দিনে চাঁদাবাজরা টোলের নামে পরিবহন থেকে আদায় করছিলো বাড়তি টাকা।
খবর পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাদাঁবাজি বন্ধ করে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার দিনভর তাদের কাজ করতে দেখা যায়।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, দুর্বৃত্তদের হামলার কারণে গত তিনদিন ধরে টোল আদায় করা যাচ্ছিলো না। টোলপ্লাজার ইটিসি সংস্কারে সময় লাগবে। এখন হাতে হাতে টোল আদায় করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সহায়তা ইতিমধ্যে অল্প পরিমাণে মেঘনা গোমতী সেতুর টোল আদায় করা শুরু হয়েছে। আমরা চেষ্টা করতেছি টোল আদায়কারীদের নিরাপত্তা নিশ্চিত করে পুরোদমে কাজ শুরু করতে।