গভীর রাতে বিএনপি অফিসে দুর্বৃত্তের আগুন

নারায়ণগঞ্জে গভীর রাতে বিএনপির একটি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। রাতেই স্থানীয়রা ওই আগুন নিভিয়ে ফেলেছেন।

রোববার দিবাগত রাতে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের এই ঘটনা ঘটে। 

স্থানীয় নেতাকর্মীরা জানান, দুই মাস ধরে কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী মনিরুজ্জামানের সমর্থকেরা রূপগঞ্জের মুড়াপাড়া মঠের ঘাট এলাকায় অফিস নিয়ে তাদের দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা এই অফিসে আগুন দেয়। এতে ভেতরে থাকা আসবাপত্র পুড়ে গেছে। এসময় আশপাশের লোকজন এসে আগুন নেভায়। 

আগুনের ঘটনায় সকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় তারা, জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।