দুই মামলায় জামিন মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। একই সঙ্গে তাকে বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ও তদন্ত কর্মকর্তাকে মামলায় সহযোগিতা করার আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির দীর্ঘ শুনানি শেষে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। 

আসামি পক্ষের আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই নিহত হন সদর উপজেলার তাওহীদ সন্নামাত ও পৌর শহরের দীপ্ত দে। এ দুই মামলায় গ্রেপ্তার করা হয় শাহাবুদ্দিনকে। বুধবার সকালে তার আইনজীবী  আদালতে জামিন আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করার আদেশও দেয় হয়। চার্জশিট না হওয়ার পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলেও জানা গেছে। 

এর আগে আট অক্টোবর সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আলাদা ছয়টি মামলায় জামিন পান। পরের দিন অর্থাৎ ৯ অক্টোবর সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) সাবেক সংসদ সদস্য এম এ মান্নান জামিন পেয়েছেন।