ঢাকা টু নারায়ণগঞ্জ সড়কে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। একই সঙ্গে দাবি না মানা হলে অর্ধদিবস হরতালের কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।
শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে কালীর বাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানায়, পাঁচ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেছে। কিন্তু তাদের রেখে যাওয়া কিছু উচ্ছিষ্ট এখনও আছে। তারা বাস মালিক নামধারী চাঁদাবাজ। তারাই পরিবহণ সেক্টরকে জিম্মি করে রেখেছে।
তাদের দাবি, সাধারণ বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা ও এসি বাসের ভাড়া ৬৫ টাকা থেকে কমিয়ে ৫৫ করা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল করা হবে।
ঢাকা-নারায়ণগঞ্জ রোডে (১৭ কিলোমিটার) দীর্ঘ দিন যাবত যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। এ রুটে প্রতিদিন ৬০ হাজার মানুষ যাতায়াত করলেও বিআরটিএ এবং প্রশাসন ভাড়া সমন্বয় করছে না।