নারায়ণগঞ্জে ‘জনতার পিটুনিতে’ এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় ঘটে এই ঘটনা।
নিহতের নাম মুকুল। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশের ভাষ্য, তিনি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন মামলাও আছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের ওপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। টের পেয়ে আশেপাশের প্রায় ৫০০ মানুষ তাদের ঘেরাও করে। এসময় কয়েকজন পালিয়ে গেলেও মুকুলকে আটক করে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার।
এর আগে গেলো বছরের ২৭ ডিসেম্বর পিটুনির শিকার হয়ে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত সদস্যের নিহত হন।