রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী ঢাকায় গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৬ এপ্রিল) রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন জানান, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হামলায় রাজবাড়ী ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

কাজী কেরামত আলী রাজবাড়ী-১ আসন (সদর ও গোয়ালন্দ) থেকে ছয়বার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।