নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস কামরুজ্জামান হীরাকে (৪৬) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হয়। পরে রাতে তাকে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার কামরুজ্জামান হীরা রূপগঞ্জের রূপসী এলাকার আবুল কাশেমের ছেলে। সে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পার পিএস হিসেবে দায়িত্বরত ছিলেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বিগত সরকারের আমলে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস কামরুজ্জামান হীরা তার বাহিনী দিয়ে রূপগঞ্জে চাঁদাবাজি, শিল্পকারখানার জুট ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, জমি দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালাতো। তার ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক ছিলো হীরা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত হীরাকে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।