নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ সন্ত্রাসীকে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে এই অস্ত্র, মাদক উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, বিপুল দেশি অস্ত্র ও মাদক।
গ্রেপ্তাররা হলেন- রমজান মোল্লা, সবুজ, মেহেদী হাসান, এনামুল হক ও সুমন হোসেন। এসময় ছাব্বির ও মামুন নামে দুই জন পালিয়ে গেছেন।
সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের মেজর ইরতিজা জানান, সকালে গোপন খবরে সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের ও রূপগঞ্জ থানা পুলিশের একটি দল যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিভিন্ন স্থানে তল্লাশি করে অস্ত্র, মাদক উদ্ধার করা হয়।
মেজর ইরতিজা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় গ্রেপ্তার সন্ত্রাসীরা রূপগঞ্জের বিভিন্ন স্থানে, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোর করে অবৈধভাবে জমি দখল, বালু ভরাটসহ মাদকের কারবারে জড়িত। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।