গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সোনারগাঁয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আবদেন করেছিলেন আলতাফ হোসেন নামে এক ব্যক্তি। যাচাই বাছাই শেষে কাউন্সিলের সভার সিদ্ধান্তে তিনিই বাদ পড়েছেন মুক্তিযোদ্ধার তালিকা থেকে।
মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়া আলতাফ হোসেন সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের ৭৮ জনকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ওই ৭৮ জনের মধ্যে সোনারগাঁ উপজেলায় ৫১ জনকে বাতিল করা হয়। আলতাফ হোসেন প্রজ্ঞাপন তালিকায় ৫৪ নম্বরে রয়েছেন।
এর আগে আলতাফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে জামুকার প্রতিনিধি দল গত ২০২৫ সালের ২৩ নভেম্বর সোনারগাঁ পরিদর্শনে এসে গণশুনানি করেন। শেষে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই করে আলতাফ হোসেনসহ ৫১ জনকে বাতিলের সুপারিশ করা হয়।
জামুকার মহাপরিচালক শাহিনা খাতুনের নেতৃত্বে গণশুনানিতে অংশ নেন জামুকার সদস্য সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, ফজলুর রহমান, সাদেক আহমেদ খান, আব্দুস সালাম ও সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
আলতাফ হোসেন জানান, শতাধিক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আবেদন করায় ক্ষিপ্ত হয়ে তাকে বাতিল করা হয়েছে।
নিজেকে ভারতীয় ট্রেনিং নেওয়া এবং মুক্তিযুদ্ধকালীন কমান্ডার দাবি করে তিনি বলেন, সব প্রমাণপত্র দাখিল করে বিবেচনার জন্য জামুকায় আবেদন করবেন।