নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এক প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা লুটে নিয়েছে। এ সময় বাধা দেওয়ায় প্রবাসফেরত এক নারীসহ দুইজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি এলাকার হিমু আক্তার গত ছয় মাস আগে সৌদি আরবে তার স্বামী মিধনের কাছে যান। ভোরে তিনি বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের নিয়ে একটি হাইয়েস মাইক্রোবাসযোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথে সাওঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে।
গাড়িটি থামার পরপরই পাঁচজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ফেলে। ডাকাতেরা এ সময় প্রায় ছয় ভরি স্বর্ণালঙ্কার, চার হাজার সৌদি রিয়াল, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা লুটে নেয়। এতে বাধা দিতে গেলে প্রবাসী হিমু আক্তার ও তার ভাই মাইনকে পিটিয়ে জখম করে ডাকাতরা।
পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।