নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ ঘটনার সঙ্গে জড়িত চালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুর ও রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ জানায়, গত ছয় জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশে একটি ট্রাকে (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। পণ্যের আনুমানিক বাজারমূল্য ছিলো ২৫ লাখ টাকা। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী ট্রাকসহ উধাও হয়ে যান।
এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। শুক্রবার (১০ জুলাই) বিকেল পাঁচটা ২০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত চালক আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।