নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শর্টগান।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার রেজাউল নামের এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে সিংগারপুর এলাকায় রেজাউলের মালিকানাধীন পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এ সময় জালের সঙ্গে ভারী একটি বস্তু আটকে যায়। জাল ওপরে তুলতেই মাছের বদলে শর্টগানটি দেখতে পান জেলেরা। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানা পুলিশকে জানানো হলে পুলিশ সদস্যেরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছিলো। ওই সময় দুষ্কৃতকারীরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়।
তিনি আরও উল্লেখ করেন, সকালে উদ্ধার হওয়া শর্টগানটি মূলত সেদিন লুট হওয়া অস্ত্রগুলোরই একটি। লুণ্ঠিত অন্য বাকি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।