সেলফি পরিবহনের চলাচল সাময়িক বন্ধের নির্দেশ

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে বহুল বিতর্কিত সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বৃহস্পতিবার  সকালে মর্মান্তিক এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাস ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের সরাসরি আশ্বাসে অবরোধ তুলে নিলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, জনআকাঙ্ক্ষা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে স্থায়ী ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Selfi Bus 03
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াছিন আরাফাত (২২)। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় একই গ্রামের বাবুল মিয়ার (৩০)। এই ঘটনায় ইয়াছিনের বাবা শাহীন মিয়া ও মা রোজিনা বেগম গুরুতর আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় জনতা সেলফি পরিবহনের বাসটিতে ভাঙচুর চালান এবং বেপরোয়া এই পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এর ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

Selfi Bus 01
স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, সেলফি পরিবহনের বাসগুলো মহাসড়কে অত্যন্ত বেপরোয়া গতিতে এবং ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। ওভারটেকিং ও গতির প্রতিযোগিতা করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর আগেও এই পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে স্থানীয়রা মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন।

বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালক ও সহকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।