ঝিনাইদহের কালীগঞ্জে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার বাবরা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (২০) উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাহাবুব হাসানের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ উপজেলা শহর থেকে বেকারি পণ্য নিয়ে নসিমন চালিয়ে বাবরা গ্রামের দিকে যাচ্ছিল মেহেদী। পথিমধ্যে বাবরা রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর আটকে যায় তার নসিমন। সেসময় নসিমনটি ঠেলে সরাতে গেলে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ বিষয়ে মোবারকগঞ্জ স্টেশনের সহকারী স্টেশনমাস্টার তৈহিদুর রহমান জানান, দুর্ঘটনায় চিত্রা এক্সপ্রেস ট্রেনেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।