ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুইদিন পর খুলনার খালিশপুরের ভৈরব নদ থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ভৈরব নদের ৭ নম্বর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহত কিউ ওয়াং জং নির্মাণাধীন ৮৩০ মেগাওয়াট রূপসা বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত ২৪ অক্টোবর চুল কাটাতে প্রজেক্ট এলাকা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন জং। এ ঘটনায় খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো: মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।