ঝিনাইদহে গণপিটুনিতে কসাই নিহত 

ঝিনাইদহের মহেশপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে রাশেদ শেখ নামের একজন কসাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ শেখের বাড়িও একই গ্রামে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের গোয়াল থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ঐ গ্রামের বাসিন্দা তৌহিদুল খাঁর সামনে পড়ে যান চোররা। 

এ সময় তৌহিদুল বাধা দিলে তাকে ছুরি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু তৌহিদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। 

এসময় স্থানীয়দের হাতে ধরা পড়েন বজলু রহমান ওরফে বটা কসাই, তার ভাতিজা রাজদুল শেখ ও রাশেদ শেখ। তাদেরকে আটক করে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যান। 

খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।