জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে কম্বোডিয়ায় প্রবাসী মাহাব্বুল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

শনিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার কালা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জিয়ারুল ইসলাম ও হুমায়ন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে জিয়ারুলের সমর্থক বাটুল বিশ্বাসের সাথে হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার বিরোধ হয়।

শনিবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে শনিবার সকালে জিয়ারুলের সমর্থক প্রবাসী মাহাব্বুল হোসেন মাঠ থেকে বাড়ি ফেরার পথে হুমায়নের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করে। কুপিয়ে আহত করায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাহাব্বুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় এলাকাবাসী।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।