ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক এক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। অভিযান চালিয়ে পুলিশ সম্রাট হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে।

আটক সম্রাট শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা।  ঘটনাটি খতিয়ে দেখতে বীরশ্রেষ্ঠের পরিবার, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছে জেলা প্রশাসন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরের ভাস্কর্যটিতে সম্প্রতি সাদা রং করা হয়েছিলো। ফলে দূর থেকেও এটি স্পষ্ট দেখা যেতো। মঙ্গলবার সকালে ভাস্কর্যটির গলায় জুতার মালা ঝোলানো অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুতার মালাটি উদ্ধার করে।

এ ঘটনার পরপরই জেলা কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন জেলা প্রশাসক নোমান হোসেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পরই মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যদের নিয়ে বৈঠক করা হয়েছে। জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, ভাস্কর্য থেকে জুতার মালা অপসারণ করা হয়। পরে অভিযান চালিয়ে কাঞ্চননগর এলাকা থেকে জড়িত সন্দেহে সম্রাট হোসেনকে আটক করা হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, ভাস্কর্যটি ঘিরে এক ধরণের রাজনৈতিক পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। কোনো পক্ষ ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত করে অন্য পক্ষের ওপর দায় চাপাতে পারে। এ ধরণের ঘটনা এড়াতে পুরো চত্বরে অবিলম্বে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ঝিনাইদহ জেলা আহবায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ভাস্কর্যটি এখান থেকে সরিয়ে নিতে চায়। তাদেরই কেউ রাতের আঁধারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

২০১৯ সালের ২৬ মার্চ ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশমুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরটি উদ্বোধন করা হয়। ২০২৪ সালের পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর দুই দফা এই ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে চলতি বছরের জুলাই মাসে আবারও ভাস্কর্যটি ভাঙার চেষ্টা করা হলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়। ভাস্কর্যটি নতুন করে সংস্কার ও পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই নতুন করে এই অপচেষ্টা চালানো হলো।