বৃষ্টি ও কাদা উপেক্ষা করে দুবলার চরে রাস উৎসবে পুণ্যার্থীদের ঢল

বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এতে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ৯ হাজার ১১১ জন পুণ্যার্থী দুবলার চরে পৌঁছেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে বন বিভাগের নির্ধারিত পাঁচটি রুট দিয়ে ৪২৬টি লঞ্চ ও ট্রলারে করে পুণ্যার্থীরা দুবলার চরের উদ্দেশে রওনা হন। বিকেলে নৌযানগুলো চরে পৌঁছায়। তবে সন্ধ্যার পর থেকে দুবলার চর এলাকায় আবারও বৃষ্টি শুরু হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই পুণ্যার্থীরা অস্থায়ী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা দর্শনে যাচ্ছেন।

সুন্দরবনের দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, বন বিভাগের নির্ধারিত পাঁচটি রুট দিয়ে পাহারা দিয়ে ৪২৬টি নৌযানে ৯ হাজার ১১১ জন পুণ্যার্থীকে বিকেলে দুবলার চরে নিয়ে আসা হয়েছে। বর্তমানে অস্থায়ী মন্দিরে নানা ধর্মীয় আয়োজন চলছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের এই উৎসব শেষ হবে।

রাস উৎসব উদ্‌যাপন কমিটি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, গত বছরের তুলনায় এবার বেশি পুণ্যার্থী এসেছেন। উৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপন ও সাজসজ্জাসহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টিপাতের কারণে চরে চলাচলের পথ কাদামাটি হয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় আয়োজকদের কিছুটা বেগ পেতে হচ্ছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২০০ বছর ধরে লোকালয় থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মোহনায় দুবলার চরে রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, আরতি, পুষ্পাঞ্জলি, ধর্মীয় অনুষ্ঠান ও গাজীকালুর পূজাসহ নানা আচার পালিত হয়। সুন্দরবনে রাস উৎসবের প্রবর্তক হিসেবে মতুয়া গুরু, সন্ন্যাসী হরিজন ও রাজা প্রতাপাদিত্যের নাম প্রচলিত রয়েছে। ২০২০ সালের আগপর্যন্ত রাস উৎসব উপলক্ষে সেখানে মেলার আয়োজন করা হতো। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সাল থেকে মেলা বন্ধ রয়েছে; ২০২১ সাল থেকে শুধু পূজা-অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, রাস উৎসব উপলক্ষে সুন্দরবনে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। হরিণসহ বন্যপ্রাণী শিকার রোধে বন বিভাগের একাধিক দল টহল দিচ্ছে। পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, রাস উৎসব ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব শান্তিপূর্ণ রাখতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।