বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৈরী আবহাওয়া ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সুন্দরবনের দুবলার চরে জেলেদের মাছ আহরণ এবং শুকানোর কাজ বন্ধ রয়েছে। রোদে মাছ শুকাতে না পারায় পচন ধরেছে; সেই সঙ্গে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় চলতি শুঁটকি মৌসুমে জেলেদের প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জেলে ও বন বিভাগ সূত্রে জানা গেছে।
সাগর উত্তাল থাকায় প্রায় এক হাজার ২০০ ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা দুবলার চরে আশ্রয় নিয়েছেন। বর্তমানে দুবলাসহ বিভিন্ন চরে প্রায় ১০ হাজার জেলে অবস্থান করছেন, যারা মাছ আহরণ, কাটা-বাছা ও শুকানোর কাজে যুক্ত রয়েছেন।
সুন্দরবনের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, ১৬ নভেম্বর থেকে সাগরে মাছ আহরণের ভরা ‘গোন’ (মাছ ধরার অনুকূল সময়) শুরু হয়েছে, যা প্রায় ১৫ দিন চলার কথা। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে সেদিনই ট্রলার নিয়ে দুবলার চরে ফিরে আসেন। বৃষ্টিপাতের কারণে পূর্বের আহরণ করা মাছ শুকাতে না পারায় রোদের অভাবে দুবলাসহ বিভিন্ন চরে প্রায় আট কুইন্টাল বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট হয়ে গেছে।
খলিলুর রহমান আরও জানান, শনিবার বিকেলেও সাগর উত্তাল ছিল এবং দুবলাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। মাছ আহরণ বন্ধ থাকা ও আহরণকৃত মাছ শুকাতে না পারায় প্রাথমিক হিসাবে জেলেদের প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, বৈরী আবহাওয়ায় এ সময়ে প্রায় ২২ কুইন্টাল মাছ সাগর থেকে আহরণ করা সম্ভব হতো।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুবলার চরের আওতাধীন আলোরকোলে ২০ হাজার কুইন্টাল, মাঝের কেল্লায় দুই হাজার কুইন্টাল, নারিকেল বাড়িয়ায় চার হাজার কুইন্টাল এবং শেলার চরে সাড়ে চার হাজার কুইন্টাল মাছ আহরণ কম ও নষ্ট হয়েছে। রোদের অভাবে শুকাতে না পারায় বিভিন্ন চরে মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এসব মাছ বর্জ্যে পরিণত হবে।
বন বিভাগের তথ্যমতে, এ বছর ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু হয়েছে, যা চলবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। এ মৌসুমে দুবলাসহ বিভিন্ন চরে জেলেরা এক হাজার ১৮টি অস্থায়ী ঘর তৈরি করেছেন।
দুবলার চরে অবস্থানরত কয়েকজন জেলে জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রয়েছে এবং বৃষ্টিপাতের কারণে আগে ধরা মাছ চরে শুকানো যাচ্ছে না। ফলে প্রচুর মাছ নষ্ট হয়ে চরে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুঁটকি মৌসুমে জেলে ও মহাজনদের ব্যাপক ক্ষতি হয়েছে। মাছ আহরণ বন্ধ ও গত গোনের শেষ দিকে ধরা মাছ শুকাতে না পারায় সব মিলিয়ে পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
