গৌরীপুরে ছুটছেন পপি, জয় নিশ্চিতে একাট্টা নারী ও বীর মুক্তিযোদ্ধারা 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। গ্রামে-গঞ্জে, মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী আর মাত্র নয় দিন। পাঁচ জানুয়ারি শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। আর বিজয় নিশ্চিত করতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পপি প্রচার-প্রচারণায় দিন-রাত ছুটে চলেছেন গ্রামে-গঞ্জে।

নারী সংসদ সদস্য প্রার্থী হিসেবে পাচ্ছেন সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা। বিশেষ করে নারী ভোটাররা তাঁকে আপন করে নিয়েছেন নিজ কন্যার মতো। প্রবীণ নারীরা মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন।

maymanshing1

সহনাটি গ্রামের জমিলা বেগম (৬৫) বলেন, একজন নারীর কষ্ট ও সুযোগ-সুবিধা আরেকজন নারীই বোঝে। পপি আমাদের মেয়ে, সে খুব হাসিখুশি ও পরোপকারী। আমরা পপিকে ভোট দিয়ে পাস করাবো।  

পপি বলেন, নারী ভোটাররা তাঁকে ভীষণ আপন করে নিয়েছেন। যেখানেই যাচ্ছেন নারীরা ছুটে আসছে আপনজনের মতো। বিজয়ী হলে প্রবীণ নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য তিনি বিশেষ কিছু করতে চান।

maymanshing2

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পপি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় তাকে ভোটে জিতিয়ে আনতে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধারাও।

গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম বলেন, নিলুফার আনজুম পপি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবুল হাসিম ছিলেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন কমান্ডার। পপির দাদা ছাবেদ হোসেন ১৯৭১ সালের ২১ আগস্ট হানাদার বাহিনী কর্তৃক গণহত্যায় শহিদ হন।

‘পপিকে বিজয়ী করতে আমরা মুক্তিযোদ্ধারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি।’

গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১৯৯ এবং নারী ১ লাখ ৩৬ হাজার ৭৮৬ জন।