শেরপুরে পাহাড়ে বেড়াতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন প্রথমে পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে উদ্ধারে এগিয়ে যান। পরে দুই জনই হারিয়ে যায় অতলে। ফায়ার সার্ভিস খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা নালিতাবাড়ী উপজেলার পাহাড় ঘেঁষা ভোগাই নদীর লক্ষ্মীডোবায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার আহাম্মদ আলীর ছেলে মিহান (১৯) ও ময়মনসিংহ সদরের হুমায়ুন কবীরের ছেলে সাজিত (১৩)। এরমধ্যে মিহান এইচএসসি পরীক্ষার্থী ও সাজিদ সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।
স্বজনরা জানায়, পরিবার নিয়ে নালিতাবাড়ী পানিহাতা পাহাড়ে বেড়াতে আসেন। দুপুরে ভোগাই নদীর লক্ষ্মীডোবার কাছাকাছি দুই ভাই গোসলে নামে। এসময় নদীর বালুচরে হাটতে গিয়ে পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে দুই ভাই গভীরে তলিয়ে যায়। সঙ্গে আসা চাচা সোহরাব ভাগ্নে ও ভাতিজাকে বাঁচাতে নদীতে ঝাপ দিলেও তিনি নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাই নিখোঁজ হয়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে বিকেল পৌনে চারটার দিকে নদীর তলদেশ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনস্থলে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত সময়ের মধ্যেই দুই মরদেহ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ছানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।