টানা বৃষ্টিতে নেত্রকোনায় ধান কাটা ব্যাহত, বিপাকে কৃষক-শ্রমিক

টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে নেত্রকোনায় আমন ধান কাটায় বিঘ্ন ঘটেছে। বৃষ্টির কারণে ধান কাটার যন্ত্রও ব্যবহার করা যাচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ধান কাটার শ্রমিক ও যন্ত্রচালকরা। পাশাপাশি নতুন ধান বাজারে বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকরা। 

কৃষকরা জানান, এবার আমনের ফলন বেশ ভালো হয়েছে। ধান কাটাও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি ও বাতাসে জমির পাকা ধান হেলে পড়েছে। অনেক জায়গায় ধান কেটে রাখা হলেও বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না। ফলে জমির ধান কাটার পাশাপাশি কাটা ধান ঘরে তোলাও কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধান কাটার গতি বাড়ানো সম্ভব হচ্ছে না। 

স্থানীয় কৃষক হাসেম আলী বলেন, দিনের অবস্থা ভালো না। বাতাসে ক্ষেতের ধান শুয়ে পড়েছে। ধান না কাটলেও চলে না। কেটে রেখেছি, এখন ঘরের ভেতরেও শুকানোর জন্য রাখতে পারছি না। আরেক কৃষক মোতালেব সরকার জানান, ধান কাটার মৌসুম শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে গৃহস্থরা এখন ধান কাটতে পারছেন না। ধান শুকানো যাচ্ছে না, আবার ব্যবসায়ীরাও ভেজা ধান কিনতে চাইছেন না। ফলে তিন দিন ধরে বসে থাকতে হচ্ছে তাদের।


ধান কাটার যন্ত্রচালক ও শ্রমিকরা জানিয়েছেন, স্বাভাবিক আবহাওয়ায় একটি হারভেস্টার দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ বিঘা জমির ধান কাটা সম্ভব। হারভেস্টার চালক রহিছ উদ্দিন জানান, তাঁদের প্রতিদিন প্রায় ১৫ হাজার টাকা আয় হতো। তিন দিনে ৪৫ থেকে ৫০ হাজার টাকার মতো আয় হারিয়েছেন তারা। এদিকে কৃষকদের অভিযোগ, এবছর বাজারে ধানের দাম কম। বর্তমানে প্রতি মণ ধান ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত বছরের তুলনায় মনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা কম।

নেত্রকোনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন জানান, বৃষ্টিতে কিছু কিছু জায়গায় ধানগাছ হেলে পড়েছে। তবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। যেসব জমির ধান কাটার উপযোগী ছিল, সেগুলোর কর্তন এক থেকে দুই দিন পিছিয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে হেলে পড়া ধানও কেটে ফেলা সম্ভব হবে। 

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার নেত্রকোনা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৯৯৫ হেক্টর জমিতে। এর বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৭০ হেক্টর জমিতে। ইতোমধ্যে ১৭ হাজার ৭১০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। জাতভেদে প্রতি হেক্টরে ৪ থেকে সাড়ে ৪ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এবার জেলায় ৪ লাখ ৪২ হাজার ৬৫ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, সরকারিভাবে জেলায় ১৭ হাজার ৭০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ৩৫ টাকা এবং প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা দরে ধান সংগ্রহ করা হবে।