নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফাহিমের বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ফাহিমের ছোট ভাই নাফি রহমান খান পাঠান জানান, রাতে হঠাৎ ঘরে ধোঁয়া প্রবেশ করলে তারা আগুনের বিষয়টি বুঝতে পারেন। এ সময় বাসায় তার বাবা ও পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। নাফির ধারণা, বাইরে থাকা তার ভাই ফাহিমের একটি ব্যানার বাসার কাছে এনে তাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।