নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়েছে এবং এক ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। অভিযান সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহনের সময় দুর্গাপুর পৌর এলাকার ঘোরাইত নামক স্থান থেকে ১২টি বালুবাহী ইজিবাইক আটক করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, জব্দকৃত বালু সরকারি কাজে ব্যবহারের উদ্দেশ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।