‘আমি আজ ভীষণ খুশি ও আনন্দিত। এতোদিন আমার নিজের কোনো ঘর ছিলো না, তাই আমাকে অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই—নিজের সামর্থ্যে একটি ঘর বানানোর মতো অবস্থা আমার কখনোই ছিলো না। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন, এতে আমি যে কতোটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়’- নতুন ঘর পেয়ে এভাবে কথাগুলো বলছিলেন নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের হতদরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠী নারী সুধিনী মান্দা (৬০)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ এলাকার উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর উপকারভোগীর কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান এই সরকার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করছে। আপনারা জানেন, এই অঞ্চলে যারা গারো, হাজং আদিবাসী তথা নৃগোষ্ঠী আছেন, তারা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া। যেমন উনার মুখ থেকেই শুনলেন, উনার কোনো ঘর ছিল না। তো আমরা চেষ্টা করছি প্রকৃত অর্থে যারা গৃহহীন, তাদেরকে ঘর প্রোভাইড করার জন্য। আমরা এই এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বাংলাদেশের এই ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের জন্য একটা স্পেশাল প্রকল্প নিয়েছিলেন। সেই প্রকল্পের অংশ হিসেবে আমাদের দুর্গাপুর এবং কলমাকান্দায় গৃহহীনদের গৃহ দেওয়া হচ্ছে।
পানির অব্যবস্থাপনা ও সঙ্কট দূর করতে পাহাড়ি অঞ্চলের পাঁচটি ইউনিয়ন কুল্লাগড়া, দুর্গাপুর সদর,লেঙ্গুরা,খারনৈ ও রংছাতি এ সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।
