বিএনপি ও সমমনাদের ডাকা নবম দফার অবরোধের প্রথম দিনের রাতে নাটোর রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা দুই বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে শহরের বড়হড়িশপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৪৫ মিনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, নাটোর শহরের বড় হড়িশপুরে গনি হাজির পাম্পের বিপরীতে ভিআইপি হোটেলের পাশে পার্কিং করা ছিল ‘সামি জনি’ এবং ‘রাজকীয় পরিবহন’ নামের বাস দুটি। রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
তাদের অভিযোগ, বিএনপি-জামায়াতের অবোরধকারীরা নির্বাচনকে বানচাল করতে এই নাশকতা করেছে।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ নাসিম আহমেদ জানান, নাশকতাকারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।