ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে আগের এলসি করা ৪২০ টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। রোববার ও সোমবার ১৬টি ট্রাকে এসব পেঁয়াজ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
সোমবার সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, সাত ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করছে। রোববার আট ট্রাকে ১৪৩ টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। সোমবার দুপুর পর্যন্ত আটটি ট্রাকে আরও ২৭৭ টন পেঁয়াজ এসেছে। সব ট্রাক ভারতের মহদিপুর বন্দরে আটকা ছিল।
এর আগে সাত ডিসেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়।
ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পরই চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশেই হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। এরপর চীন-পাকিস্তান থেকে ২২৬ টন পেঁয়াজ আমদানি করা হয়। এছাড়া দেশি কিছু মুড়িকাটা পেঁয়াজ বাজারে পাওয়া যাওয়ায় স্বস্তি মেলে।
এদিকে স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, হঠাৎ করে পেঁয়াজের দাম এক লাফে ২০০ থেকে ২৫০ টাকা হয়ে গেলেও দেশি পেঁয়াজ বাজারে উঠতে আরম্ভ করলে দাম কমে। তবে বর্তমানে বাজারগুলোতে ১০০ থেকে ১৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে।