জলমহাল ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত সাত

সিরাজগঞ্জে জলমহাল ইজারার দরপত্র কেনা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে আহত হয়েছেন সাত জন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলার উল্লাপাড়া উপজেলা পরিষদে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসনের গ্রুপ এবং সাবেক বিএনপি দলীয় এমপি এম আকবর আলীর গ্রুপের কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দরপত্র কেনার জন্য আসেন। এ নিয়ে উভয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও কিল-ঘুষি শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে থানা মোড় এবং ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই গোলযোগ বিস্তৃত হয়। 

এ ঘটনায় আজাদ গ্রুপের প্রধান আজাদ হোসেন ও আকবর আলী গ্রুপের পক্ষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার একে অপরকে দোষারোপ করেছেন। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, যৌথবাহিনীর সহযোগিতায় বড় ধরণে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উভয় পক্ষের নেতাদের নিয়ে সভা করে একটা সমঝোতা করে মুচলেকা নেওয়া হয়েছে। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি ১০৫টি জলমহাল ইজারার জন্য টেন্ডার জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।