কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে জেলা শহরের জিলা স্কুলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০) ও শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম অনিক (২৩)। তাদের মধ্যে পলাশ ঢাকার সাভারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে (বিএটি) কর্মরত এবং অনিক ফ্রিল্যান্সার ছিলেন। আহত ব্যক্তির নাম তানভীর গণি (২৩)।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, রাত দেড়টার দিকে মোটরসাইকেল আরোহী তিন জন মজমপুর থেকে মোল্লাতেঘরিয়ায় চাচাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির  একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমও মারা যান। আহত তানভীর হাসপাতালে ভর্তি রয়েছেন।