জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় অবস্থিত বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে গেলেও পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মাহিন সরকারের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমাটি বাড়ির দিকে ছোড়া হলেও তা প্রবেশপথেই বিস্ফোরিত হয়।
ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন এবং বাড়িতে তাঁর অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্য ছিলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা না ঘটলেও এই নাশকতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে মাহিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই তাঁর বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। পোস্টে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে তাঁর মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন। এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেছেন তিনি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান পেট্রোল বোমা হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই নাশকতার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও অনুসন্ধান চলছে।