সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় এক কৃষক ও এক দলিল লেখক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার, সকাল ৭টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং একই থানার দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে ও সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে চারপাশে বেশ কুয়াশা ছিল। সেই কুয়াশার ভেতরেই ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
