জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর রমিজ উদ্দিন (৫৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকাল পাঁচটার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রমিজ উদ্দিন মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর একটার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন রমিজ।

এর আগে রমিজসহ তার এলাকার কয়েকজনের একটি দল শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে রমিজ অন্যান্যদের সাথে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে অনেকেই স্রোতের টানে পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়। এ সময় স্থানীয়রা বাকিদের উদ্ধার করতে সক্ষম হলেও রমিজ তলিয়ে যান।

খবর পেয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে। নিখোঁজ পর্যটকের সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত ছিল। পরে গোয়াইনঘাট থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বিকাল পাঁচটার দিকে জাফলং পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।