সিলেটে যুবকের ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামীও। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে সদরের ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জেসমিন বেগম (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তারা ওই এলাকায় ভাড়ায় থাকেন।
আটক যুবকের নাম মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের বাসিন্দা। সম্পর্কে তিনি আরিফের খালাতো ভাই।
স্থানীয়রা জানায়, তারুল মাদকাসক্ত। তিনিও জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। তারুল বিভিন্ন সময় জেসমিনকে উত্যক্ত করতেন। তাদের দাবি, তারুলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জেসমিনকে ছুরিকাঘাত করা হয়েছে।
তারা আরও জানান, ঘটনার সময় জেসমিনের স্বামী বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।