সুনামগঞ্জে মাতলামি করতে বাঁধা দেওয়ায় মাতাল যুবকের ছুরিকাঘাতে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) বিকেলে জেলা সদরের পৌর শহরের নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম মে. আল মোবিন (৫৫)। তিনি পৌর শহরের পূর্ব তেঘরিয়ার মৃত শামসুল হকের ছেলে। তিনি নতুন পাড়ায় এলাকায় বসবাস করছিলেন।
আটক যুবকের নাম হৃদয় বণিক (৩০)। তিনি নতুন পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, হৃদয় মাদকাসক্ত। প্রায় প্রতিদিন তিনি মাতাল হয়ে এলাকায় গালাগাল, অসামাজিক কাজ করেন। বিকেলে মোবিনের বাড়ির সামনে এসে গালাগাল করতে থাকেন। এতে মোবিন বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর হৃদয় নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। খবর পেয়ে দীর্ঘ দুই ঘণ্টার অভিযানে পুলিশ তাকে আটক করে।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।