সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত একটা ১০ মিনিটে গোপন খবরে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় অভিযান শুরু হলেও এসআরবির প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজন লক্ষ্যবস্তুর সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায়। সীমান্তের ১২৮০/১-এস ও ১২৮০/২-এস পিলারের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানটি শনাক্ত করা হয়।
এরপর বিজিবির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। পরে বিজিবির কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় বিস্ফোরকের মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা গেছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস, ব্যবহারের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র জড়িত কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।
বিজিবির তথ্যমতে, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন বিশেষ অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮টি গুলি, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত আছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বিজিবি ও এসআরবির সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।