১৬ ডিসেম্বর নয়, হাসিনাকে যত দ্রুত সম্ভব ফিরতে বললেন বাণিজ্যমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে, যত দ্রুত সম্ভব দেশে ফেরার আহ্বান জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার রাখেন; তবে দেশে ফিরলে তাঁকে প্রচলিত আইনের আওতায় আইনগত দায়দায়িত্ব বহন করতে হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেছেন, ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরলে সমস্যা কোথায়? দেশে ফিরে তাকে প্রাপ্য বিচারের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে দেশ ছেড়ে যাওয়ার কারণও তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। তিনি বলেন, এত দেরি করবেন কেন তিনি? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন?

মঙ্গলবার সকালে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে দেশের বন্ধ ও পুরোনো শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি বন্ধ ও পুরোনো শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী বছরের শুরুতেই দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। কারখানাগুলো চালু হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিল্পায়নের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উল্লেখ করেন, দেশের কৃষি খাতের বিপুল সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। স্বাধীনতার পর থেকেই দেশের আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং দেশীয় খাদ্য উৎপাদন বাড়ানোর মাধ্যমে এই আমদানিনির্ভরতা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব বলে মত দেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী