মাধ্যমিকে অনলাইনে ভর্তি আবেদন শুরু, এবারও লটারি

দেশের মহানগরী, জেলা সদর ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলাতে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে এবারও ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।  

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে ছয় ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত। 

সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে টেলিটকের ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) গিয়ে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জাননো হয়, এবার স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ এবং অন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না। 

যেভাবে আবেদন করতে হবে

টেলিটকের ওই ওয়েব সাইটে শিক্ষার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবে। সেই আইডি ব্যবহার করে ১১০ টাকা আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বর থেকে জমা দিতে হবে।  ছয় ডিসেম্বর বিকাল পাঁচটার মধ্যে যেসব শিক্ষার্থী আবেদন করে ইউজার আইডি পাবে, তারা ওইদিন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে। 

আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে দিলো ব্রাজিল !

তারা আবেদনের সময় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করে দিতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে। 

কোটা থাকায় শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই অভিভাবকের বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। 


একাত্তর/এসি