আমরণ অনশনের হুমকি চবি চারুকলা শিক্ষার্থীদের

বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকরা আলোচনায় না বসলে রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের আন্দোলরত শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে বুধবার সকালে ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এদিকে, মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ায় এক দফায় না গিয়ে ইন্সটিটিউট সংস্কার কাজের জন্য প্রশাসনকে সময় দেয়ার পক্ষে শিক্ষার্থীদের আরেকটি অংশ।

অন্যদিকে, টানা ৯০ দিনের অচলবস্থার কারণে সেশন জটে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে দাবি করে ইন্সটিটিউটেই ক্লাসে ফিরতে আগ্রহী তারা। 

বুধবার ৯২তম দিনের মত চারুকলা ইন্সটিটিউট মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক বা প্রশাসনের কাউকেই ক্যাম্পাসে দেখা যায়নি।  

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি- শিক্ষকরা আলোচনায় আসার কথা থাকলেও তারা আসেননি। পরে বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকরা আলোচনায় না বসলে রোববার থেকে আমরণ অনশনে বসার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে আগে আন্দোলনে অংশ নিলেও সেশন জটে শিক্ষাজীবন নষ্ট হচ্ছে দাবি করে ক্লাসে ফিরতে আগ্রহী শিক্ষার্থীদের আরেকটি অংশ।

আর শিক্ষকরা বলছেন, আবারো মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলন শুরু হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরো ক্ষতিগ্রস্ত হবে।

শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়ায় গতবছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন শুরু করে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তারা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়াসসহ ২২ দফা দাবিতে আন্দোলনে নামে।

আরও পড়ুন: সৌদিতে অস্বাভাবিক হারে বেড়েছে মৃত্যুদণ্ড

সবশেষ গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা পুনরায় মূল ক্যাম্পাসে ফিরে যেতে নগরীর বাদশা মিয়া সড়কের ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন ও আন্দোলন শুরু করে।

নগরী থেকে ২২ কিলোমিটার দূরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একসময় চারুকলা বিভাগ ছিল। দীর্ঘদিনের আন্দোলনের পর ২০১০ সালে নগরীর বাদশা মিয়া সড়কে সরকারি চারুকলা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ একীভূত করে চারুকলা ইনস্টিটিউট করা হয়।


একাত্তর/আরবিএস