করোনার মধ্যেও ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) পরীক্ষার জন্য ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ জুন থেকে শুরু হয়ে তা শেষ হবে ১১ জুলাই।
শুক্রবার (২৫ জুন) শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার নির্বাচনী পরীক্ষা হবে না জানিয়ে ফি আদায়ে নিষেধ করা হয়েছে। বোর্ড বলছে, বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।
তবে, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোন পরীক্ষার্থীর ৪র্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফিয়ের সাথে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোন শিক্ষার্থীর নৈর্বচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও ১৪০ টাকা যোগ হবে।
এতে আরও বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি ১২ জুলাই পর্যন্ত জমা দেয়া যাবে। এর আগে ২৮ জুন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে অনিয়মিত পরীক্ষার্থীদের তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।
আরও পড়ুন: ভূমধ্যসাগরে ভাসমান ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার
করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেয়া হয়।
চলতি বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পূর্বঘোষিত ৩০ মার্চ এবং ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার ঘোষণা দিয়েও সেখান থেকে সরে এসেছে সরকার।
একাত্তর/আরএ