সরকারি স্কুলে এডিস নিধনে বিশেষ অভিযান

করোনা মহামারীর অচলবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলছে তখন চারদিকে চলছে ডেঙ্গু আতঙ্ক। তাই, সরকারি ও আধা সরকারি স্কুল-কলেজে তিন দিনের এডিস নিধন অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

প্রায় সাড়ে চারশো স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজে দেখার পাশাপাশি ছিটানো হবে মশার ওষুধ। তবে, ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কাজটি করতে হবে নিজ উদ্যোগেই। 

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলছে দেশের সব স্কুল-কলেজ। কিন্তু, এমন এক সময় শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে যখন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। এরইমধ্যে আক্রান্তের সংখ্যা কয়েক হাজার, যার বড় একটা অংশই শিশু। 

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক জায়গাতেই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও চলেনি। ফলে সেসব জায়গায় এডিস মশা জন্মানের যথেষ্ট সুযোগ থেকে গেছে। তাই শঙ্কা এখন ক্লাসে গিয়ে শিশু-কিশোররা না আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়।  


এমন বাস্তবতায় সরকারি ও আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক তিনদিনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

আরও পড়ুন: চট্টগ্রামের ফুসফুস বাঁচাতে রঙ তুলির আঁচড়ে প্রতিবাদ

বুধবার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র  আতিকুল ইসলাম বলেন, শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করাই এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। 

পরিকল্পনা অনুযায়ী, আট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের প্রায় সাড়ে চারশ’ শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সিটি কর্পোরেশন। সেখানে লার্ভার খোঁজের পাশাপাশি, প্রতিটা শ্রেণীকক্ষে চলবে ফগিং।


বিশেষ এই অভিযান মনিটর করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আহ্বান জানিয়েছে উত্তর সিটির নগর প্রশাসন। 

আর, কোন প্রতিষ্ঠান বাদ পড়লে তাৎক্ষনিকভাবে ‘সবার ঢাকা অ্যাপ’ কিংবা হটলাইন নম্বরে জানাতে বলা হয়েছে। তবে, উত্তর সিটির সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগেই পরিচ্ছন্নতার কাজটি করতে হবে।


একাত্তর/আরএইচ